Ticker

6/recent/ticker-posts

একুশ রানির রাজা

 

রাজার পাতে গরম ভাতে

হাসছে দেখি মজার ঘি

সকাল বিকাল উপোস প্রজা

তাতে বলো রাজার কি?


ঘুমায় রাজা সোনার খাটে

তাহার মনে বেজায় সুখ

ঘুমের ঘোরে স্বপ্ন দেখেন

জানে না সে প্রজার দুখ।


রাজার আছে একুশ রানি

রূপে গুণে সেরা যে

কার থেকে কে বেশি গুণী

বলতে পারলে ব্যাটা সে।


রাজ্য জুড়ে শংসা রাজার

বাজে ঢোল চারিদিক

উজির বলে ধন্য রাজা

রাজ্য জুড়ে সবই ঠিক।


উলটো পথে হাঁটলে রাজা

সবাই বলে দারুণ পা

দেখতে পেয়ে ধন্য হলাম

কপাল মোদের মন্দ না।


পেটের ক্ষুধায় মরে প্রজা

বদ্যিখানায় ভীষণ ভিড়

রাজার কাছে বলতে পারে

কার মাথাতে দুটো শির?

--------

একুশ রানির রাজা

মনিরুল ইসলাম শ্রাবণ

২৮ জানুয়ারি ২৬

ছবি লোকেশন : আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা (২২ নভেম্বর ২৫)

নোট : ছবির সাথে লেখার কোনো সর্ম্পক নাই। কাল্পনিক রাজ্য, বর্তমান পৃথিবীতে এমন রাজা ও রাজ্যের অস্তিত্ব নেই।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ