এক সন্ধ্যায় জোনাকি পোকা দেখে তাসফিয়ার প্রশ্ন- ‘আব্বু, ঝোপের ভেতর জ্বলে নেভে ওটা কি? তার প্রশ্নের উত্তরে আমি বললাম-
আঁধার রাতে জ্বলে নেভে ওটা কি?
ঝোপের ভেতর অনেকগুলো জোনাকি।
দেখতে লাগে দারুণ ভালো
কোথায় থেকে পেলো আলো!
আকাশ থেকে তারা ছুটে এলো কি?
ঝোপের ভিতর লুকিয়ে থাকা ছোট্ট পাখি জোনাকি।
আমি তোমার বন্ধু হবো তুমি সাথি হবে কি?
তোমায় আমি সঙ্গে নেবো
আমার সাথে যাবে কি?
পড়ার ঘরে রাখবো তোমায়
সেথায় আলো দেবে কি
ঝোপের ভিতর উড়তে থাকা আগুন পাখি জোনাকি।
রাতের বেলা উড়ে বেড়াও
দিনের বেলা কোথায় ঘুমাও
শিমুল তুলোর বালিশ দিলে
সেথায় তুমি রইবে কি?
আমায় ভালোবাসবে কি?
বন ছেড়ে এসো ঘরে আলোর পাখি জোনাকি।
আঁধার রাতে গাঁয়ের মাঠে
হাঁটবো যখন একলা পথে
আমার সাথে যাবে কি?
ও তারা ভাই- ও তারা ভাই-
পাশে পাশে রইব কি?
আঁধার রাতে বন্ধু হয়ে পথের দিশা দিবে কি?
ঝোপের ভেতর অনেকগুলো জোনাকি।
---------
মনিরুল ইসলাম শ্রাবণ
২২ আগস্ট ২৫
ছবি : আদিত্যনাথ জেটি সড়ক, মহেশখালি ,কক্সবাজার




0 মন্তব্যসমূহ