শতবর্ষের কবি সুকান্ত স্মরণে
মনিরুল ইসলাম শ্রাবণ
খুব বেশি সময় নয়— মাত্র একুশ বছর
এত অল্প তোমার আয়ুষ্কাল!
অথচ কী দুর্দান্ত কাটিয়ে গেছ এই স্বল্প সময়,
একশ বছর পরেও তোমার বয়স
আজো আটকে আছে সেই একুশেই।
তোমার সাহসী লেখাগুলো যেন
এখনো আঠারো বছরের দুরন্ত কিশোর—
বয়স পেরোনোর ছাড়পত্র না পেয়ে
দিয়াশলাইয়ের কাঠির মতো বন্দি থাকে
অনুভবের বাক্সে।
রক্ত খরচে লেখা তোমার কাব্য কনভয়
ভীরুতা পিছনে ফেলে— দুর্দম রানারের মতো
নির্ভয়ে এগিয়ে চলে মহাকালের সড়কে,
আর বিদ্রোহের আগুন দিয়ে জ্বালিয়ে রাখে
অনির্বাণ শিখা।
তোমার অনুপ্রেরণায়—
দিন বদলের পালায় যুগান্তরের পথে
বিদ্রোহের গান গাইতে গাইতে
মিছিল নিয়ে আমরা এসেছি—
ভাঙতে দরজার খিল।
শত ভেজালের ভিড়ে হাঁটতে হাঁটতে
মাথার ভেতর জড়ো হওয়া
হিং টিং ছট প্রশ্নগুলোর উত্তর খুঁজি—
না পেলে বুঝি,
জ্বলে পুড়ে মরে হবো ছারখার
তবু মাথা নোয়াবার নয়।
বুঝি,
গদ্যময় এই পৃথিবীতে—
পূর্ণিমার চাঁদ শুধু সৌন্দর্যের প্রতিক নয়
ক্ষুধা নিবারণের ঝলসানো রুটিও।
ধন্য তোমার মহাজীবন—
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,
একুশ বছর বয়সেই তুমি
সময়কে করেছ জয়।
----------
১৬ আগস্ট ২৬
লোকনাথ দিঘিরপাড়, ব্রাহ্মণবাড়িয়া
এই কবিতায় লাল রং চিহ্নিত শব্দ ও বাক্যগুলো কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা বিভিন্ন কবিতা শিরোনাম ও কিংবা তাঁর কবিতায় ব্যবহৃত অথবা বাক্যাংশ।

0 মন্তব্যসমূহ