সময় হলো, খেলতে যাবি?
আয়রে তোরা, কই?
খেলার মাঠ আজ শূন্য কাঁদে—
কই গেলিরে সই?
কই গেলিরে, প্রাণের বন্ধু,
কই রে তোরা আজ?
দেখবি যদি, আয় ছুটে আয়,
রাঙা ঠোঁটের সাজ।
উঠোন জুড়ে নিঃস্ব পড়ে
পুতুল বধূ-বর
কে দেবে আজ বিয়ে তাদের
কে সাজাবে ঘর?
দেখ, নেমেছে বৃষ্টি রাশি,
সঙ্গে আনিস বল,
আয়রে সখি, কাটবো সাঁতার
কোমর সমান জল।
কই গেলিরে বন্ধু তোরা,
কই গেলিরে আজ।
তোদের ছাড়া হয় না খোলা
গল্পবইয়ের ভাঁজ।
তোদের ছাড়া ভাল্ লাগে না
আয়রে সখি, আয়?
খেলার মাঠ আজ শূন্য পড়ে
বেলা বয়ে যায়।
—-
ছিন্নকুঁড়ি
মনিরুল ইসলাম শ্রাবণ
১০ জুলাই ২০২৬


0 মন্তব্যসমূহ