সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে এমন কিছু ব্যক্তি বিজয় লাভ করেছেন যারা দেশ-জাতির জন্য ভালো ভূমিকা রাখতে পারবে বলে আশা করা যায়। এমন অনেক ব্যক্তি হেরে গিয়েছেন যাদের বিজয় ভীষণ দরকার ছিল। সংসদের প্রাণবন্ততা, গতিশীলতা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ভারসাম্য আনার জন্য তাঁদের সংসদ সদস্য হওয়ার দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তারা হেরে গিয়েছেন। আবার সারা দেশেই কিছু প্রার্থীর হেরে যাওয়াটা মনে আনন্দ দিয়েছে।
এই নির্বাচনে এমন এমন কিছু ব্যক্তি বিজয় লাভ করেছেন, যারা সংসদের জন্য অনুপযুক্ততো বটেই বরং তারা সংসদে যাওয়া জাতির জন্য লজ্জাকর। মানুষ হয়ত নানা কারণে তাদের ভোট দিয়েছে কিন্তু ইতিহাস তাদের অন্য সবার থেকে ভিন্নভাবেই মূল্যায়ন করবে। এবং এর জন্য ইতিহাসের কাছে জাতি হিসেবে আমরা দায়ী থাকবো।
তরুণ নেতৃত্বের উল্লেখযোগ্যসংখ্যক সংসদে এবার প্রতিনিধি হয়েছেন। ভবিষ্যতে এই সংখ্যাটি আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। তাই বর্তমানে যারা রাজনীতি করছে তারা ছোটোখাটো লাভ-লালসার জন্য পাড়ার আতি-ফাতি নেতার নেতার পেছনে সারাক্ষণ না ঘুরে মন দিয়ে লেখাপড়া/জ্ঞান অর্জনের পাশাপাশি আরো অনেক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। নিজের সমবয়সি তরুণরা এখন সংসদ সদস্য। আগামী সংসদ এবং বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরাই - এই বিষয়টি তরুণদের সবাইকে মনে রাখতে হবে।
এবারের মহান সংসদে অন্তত একজন হলেও আছেন, যিনি বাংলাদেশের অস্তিত্ব ও বাংলাদেশের ভিত্তি রচনাকারী মহান মুক্তিযুদ্ধকে সমুন্নত ও বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় তার বলিষ্ঠ কণ্ঠ তুলে ধরবেন- এটি আনন্দ ও স্বস্তির বিষয়।
এই লেখায় আরো কিছু বলার ছিল। নিজের সীমাবদ্ধতায় অনেক কিছুই বলা হলো না। কিছু কথা মনের অব্যক্তই থাক। অনেককে অভিনন্দন এবং অনেকের প্রতি ঘৃণা জানাতে ইচ্ছা করছে। সেসব ঘৃণা ও আনন্দগুলোও মনের ভেতরেই থাক। সামনে সুযোগ পেলে অনেক কিছুই বলা যাবে ?
----------
মানুষের জয় হোক, দেশের মঙ্গল হোক।
মনিরুল ইসলাম শ্রাবণ
১৩ ফেব্রুয়ারি ২৬

0 মন্তব্যসমূহ