বাবুই শিশু সাহিত্য উৎসব : লেখক-শিশুদের এক আনন্দমেলা (দ্বিতীয় পর্ব)
উৎসবের শুরুতে প্রবেশ মুখে ফিতা কেটে উদ্বোধন করা হয় এই বর্ণাঢ্য আয়োজনের। আমন্ত্রিত অতিথি ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লেখকদের অনেকেই উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করেন। মূল অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর শুরু হয় আলোচনা সভা।
প্রথম পর্বের আলোচনা শেষে শুরু হয় কবিকণ্ঠে কবিতা ও ছড়া পাঠ। শিশু সাহিত্য উৎসব হওয়ায় অধিকাংশ লেখকই পাঠ করেন ছড়া। কারও কারও ছড়া সত্যিই দারুণ ভালো লেগেছে। পরিচিত ছন্দ-বৃত্তের বাইরে ভিন্ন ছন্দের ছড়াও দৃষ্টি আকর্ষণ করেছে, উপস্থিত দর্শক-শ্রোতাদের। মঞ্চ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে রাজনৈতিক কিংবা বিতর্ক হয়, এমন বিষয়ে ছড়া-কবিতা পাঠ না করার জন্য। প্রতিটি পরিবেশনা যেন শিশুদের উপযোগী ও আনন্দময় হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। দু-একজন ব্যতিক্রম থাকলেও অধিকাংশ লেখকই আয়োজকদের নির্দেশনা মেনে ছড়া পাঠ করেছেন।
ছড়া পাঠের সময় লেখকদের উচ্ছ্বাস ও শিশুতোষ আচরণ দেখে একজন উপস্থাপকতো মন্তব্য করেই বসলেন, শিশু সাহিত্যিকরা আসলে মনের দিক থেকে শিশু না হলে শিশুদের মতো এমন কাণ্ড ঘটাবেন কেন! কথাটিতে উপস্থিত অনেকেই হাসিতে ফেটে পড়েন। সত্যিই তো, শিশুদের জন্য লিখতে গিয়ে লেখকদের মনেও যেন এক টুকরো শৈশব বেঁচে থাকে। আর সেই শৈশবের প্রকাশই হয়ত এমন আনন্দঘন মুহূর্ত তৈরি করে।
দ্বিতীয় পর্বের আলোচনা সভা শেষ হতে না হতেই বাইরে এসে দেখি, বেশির ভাগ অংশগ্রহণকারী দুপুরের খাবারের প্যাকেট সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছেন। তাদের সাথে দাঁড়িয়ে গেলাম আমিও। খাবারের প্যাকেট নিয়ে যে যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই বসে পড়েছেন। আমিও তাঁদের সঙ্গে বসে দুপুরের খাবার সেরে নিলাম। খাবার শেষে আবারও শুরু হলো ছবি তোলা ও পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময়।
খাবারের বিরতির পর শুরু হলো শিশুদের পরিবেশনা। তাদের চমৎকার উপস্থাপনায় মন ভরে উঠল সবার। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিভার প্রকাশ উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এরপর ছিল জাদু প্রদর্শনী। জাদুকরের নানা কৌশল ও মজার পরিবেশনাÑ শিশুদের পাশাপাশি বড়দেরও আনন্দ দিয়েছে।
জাদু প্রদর্শনী শেষে শুরু হয় তৃতীয় পর্বের আলোচনা সভা। এরপর শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। তাদের আনন্দ ও উচ্ছ্বাসে মিলনায়তন হয়ে ওঠে আরও প্রাণবন্ত। শিশুদের পুরস্কার প্রদানের পর মঞ্চে আমন্ত্রণ জানানো হয় বাবুই শিশু সাহিত্য সম্মাননাপ্রাপ্ত গুণী লেখকদের। তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বটি সম্পন্ন হয়। সবশেষে পুরস্কার প্রাপ্ত শিশু ও সম্মাননাপ্রাপ্ত লেখকদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্রুপ ফটোসেশন। ছবির ফ্রেমে বন্দি হয়ে থাকে একটি আনন্দময় দিনের স্মৃতি, লেখক-শিশুদের মিলন এবং শিশু সাহিত্যকে ঘিরে এক অনন্য সম্মিলন।
সকালে উৎসবের উদ্বোধন করেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষা বিজ্ঞানী, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়েন্দা কাহিনিকার অরুণ কুমার বিশ্বাস।
বিশিষ্ট ছড়াকার জুলফিকার শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন উৎসব উদযাপন কমিটির সদস্য-সচিব কাদের বাবু। অনুষ্ঠানের যুগ্ম-আহ্বায়ক খালেদুর রহমান জুয়েল ও বাচিকশিল্পী শাহারিয়া সিদ্দিকী সূচনার সঞ্চালনায় ‘বাংলাদেশের শিশুসাহিত্য : সংকট ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ। মনোমুগ্ধকর জাদু প্রদর্শনী করেন শিশুসাহিত্যিক খায়রুননেসা রিমি।
ইমরুল ইউসুফ ভাইয়ের প্রবন্ধটি সাম্প্রতিক সময়ে আমার পড়া বা শোনা ভালো প্রবন্ধগুলোর একটি। বর্তমান শিশুসাহিত্যের আল হকিকত নিয়ে তিনি যা উপস্থাপন করেছেনÑ তা সত্যিই সময় উপযোগী। লিখিত প্রবন্ধে তিনি যে সমস্যারগুলোর কথা তুলে ধরেছেন, তার সাথে সমাধানের পথ বাতলে দিয়েছেন, অনুসরণ করা হলে আমাদের শিশুসাহিত্য আরো সমৃদ্ধ ও যুগোপযোগী হবে বলেই আমার বিশ্বাস।
উৎসবের সমাপনী পর্বে সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ জন লেখক ও সাহিত্যিকের হাতে তুলে দেওয়া হয় ‘বাবুই সেরা লেখক সম্মাননা-২০২৬’। তাঁরা হলেনÑ জগলুল হায়দার, প্রিন্স আশরাফ, বিশ্বজিৎ দাস, রেজাউল করিম খোকন, রণজিৎ সরকার, খায়রুল বাবুই, আশিক মুস্তাফা, সফুরা খাতুন, আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান বাবু, এনামূল হক পলাশ, কাজী তাহমিনা, তরুন ইউসুফ, সৈয়দা আঁখি হক, দীপ্তি সরকার, ফজলুল পলাশ, মুনীরুল ইসলাম, মিনহাজ ফয়সল, মোকাদ্দেস-এ-রাব্বী, রকিবুল ইসলাম, অপু বড়ুয়া, আপন অপু, শাম্মী তুলতুল এবং সাফওয়ান সামি দৃক।
সব মিলিয়ে বাবুই শিশু সাহিত্য উৎসব ছিল একটি প্রাণবন্ত, আনন্দময় ও তাৎপর্যপূর্ণ আয়োজন। এমন উৎসব শুধু লেখকদের পারস্পরিক পরিচয় ও যোগাযোগের ক্ষেত্র তৈরি করে না, শিশুদের সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলারও সুযোগ সৃষ্টি করে। একইসঙ্গে শিশু সাহিত্য নিয়ে ভাবনা, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার পথও উন্মুক্ত করে।
শিশুদের জন্য সাহিত্য রচনা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল দায়িত্ব। সেই দায়িত্ব পালনে লেখক, প্রকাশক, সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কাদের বাবু ভাই ও বাবুই-এর এই আয়োজন সেই সম্মিলিত উদ্যোগেরই একটি সুন্দর উদাহরণ হয়ে থাকবে। প্রথমবার অনুষ্ঠিত হওয়া বাবুই শিশুসাহিত্য উৎসবে আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে ১০ জন লেখক অংশগ্রহণ করেছেন। তাদের সকলের সাথেও কাটিয়েছি খুব চমৎকার একটি সময়। সব মিলিয়ে মনে রাখার মতো একটি দিন কাটালাম আমরা সবাই। বাবুই শিশুসাহিত্য উৎসবের স্মৃতি তাই আমার কাছে শুধু একটি দিনের আনন্দে সীমাবদ্ধ নয়, বরং এটি আমার শিশুসাহিত্য চর্চার জন্য নতুন উদ্দীপনা, অন্যান্য শিশু সাহিত্যিকদের সাথে পারস্পরিক বোঝাপড়া ও আগামী দিনের সম্ভাবনার এক অনুপ্রেরণাময় স্মারক হয়ে থাকবে।
-------
মনিরুল ইসলাম শ্রাবণ
৫ নভেম্বর ২০২৬

















.jpeg)



0 মন্তব্যসমূহ