Ticker

6/recent/ticker-posts

বাবুই শিশুসাহিত্য উৎসব : লেখক-শিশুদের এক আনন্দমেলা


বাবুই শিশুসাহিত্য উৎসব : লেখক-শিশুদের এক আনন্দমেলা

মনিরুল ইসলাম শ্রাবণ

গত ২৪ অক্টোবর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘বাবুই শিশুসাহিত্য উৎসব-২০২৬’। সৃজনশীল শিশু সাহিত্য বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাবুই’-এর উদ্যোগে আয়োজিত এই উৎসব ছিল লেখক, শিশুসাহিত্যিক ও শিশুদের এক চমৎকার মিলনমেলা। ‘বাবুই’-এর স্বত্বাধিকারী, লেখক, প্রকাশক ও সম্পাদক কাদের বাবু ভাইয়ের উদ্যোগ, পরিকল্পনা ও নৈপুণ্যে আয়োজিত এ উৎসবে অংশগ্রহণ করেন সারা দেশ থেকে আসা প্রায় তিনশতাধিক লেখক। রাজধানী থেকে প্রান্তিক জনপদ- দেশের নানা প্রান্তে যাঁরা শিশু সাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছেন, তাঁদের অনেকেই মিলিত হয়েছিলেন এই উৎসবে। শিশুসাহিত্যিক, লেখক, কবি এবং মা-বাবার হাত ধরে আসা শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

অংশগ্রহণকারীদের মধ্যে যেমন ছিলেন প্রতিষ্ঠিত ও বরেণ্য লেখক, তেমনি ছিলেন অনেক নবীন লেখকও। বড়দের পাশাপাশি উৎসবে অংশগ্রহণ করে অসংখ্য শিশুও। তারা ছবি আঁকা, কবিতা আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করে পুরস্কার। মঞ্চে শিশুদের প্রাণবন্ত পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সুধীজনকে। করতালির মাধ্যমে তাঁদের পরিবেশনাকে স্বাগত জানান দর্শক-শ্রোতারা। শিশুরাও আনন্দে মেতে ওঠে রং পেন্সিল নিয়ে আঁকাআঁকি আর মজার মজার জাদু প্রদর্শনী দেখে। শিশুদের পাশাপাশি বাবুই শিশুসাহিত্য উৎসবে সম্মানিত করা হয় ২৪ জন গুণী লেখককে। তাঁরা বিভিন্ন সময়ে বাবুই প্রকাশনী থেকে বই প্রকাশ করেছেন এবং তাঁদের বই পাঠক-সমাজে সমাদৃত হয়েছেন।

দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা সভা ও ছড়া-কবিতা পাঠের পর্ব। আলোচনায় অংশগ্রহণকারী লেখকদের কথায় উঠে আসে অতীতের শিশুসাহিত্য চর্চা এবং বর্তমান সময়ের শিশুসাহিত্যের নানা দিক। কেউ বলেছেন আশার কথা, কেউ তুলে ধরেছেন হতাশার চিত্র। কেউ সমস্যার কথা বলেছেন, কেউ খুঁজেছেন সমাধানের পথ। স্মার্টফোন, ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আগামী দিনের শিশুসাহিত্য কেমন হওয়া উচিত, তা নিয়েও আলোচনা করেছেন কেউ কেউ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিশু সাহিত্যের বিষয়, ভাষা, উপস্থাপনা ও পাঠাভ্যাসে, শিশুতোষ বইয়ের গঠন, মূল্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সেই ভাবনাও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবটি নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয়। ততক্ষণে একে একে জড়ো হতে থাকেন কাছের ও দূরের লেখকেরা। প্রবেশমুখে বাবুই শিশু সাহিত্য উৎসবের সম্মিলিত ফটোফ্রেমে ছবি তোলেন অনেকে। দরজায় প্রদর্শিত সম্মাননাপ্রাপ্ত লেখকদের ছবি, তরুণ লেখকদের জন্য হয়ে ওঠে অনুপ্রেরণার উৎস।

হলরুমে প্রবেশের আগেই ছিল অভ্যর্থনার ব্যবস্থা। রিসেপশন টেবিলে নিবন্ধিত অতিথিদের নাম যাচাই করে তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছিল উপহারসামগ্রী। উপহারের ব্যাগটিও ছিল বেশ আকর্ষণীয়। তার ভেতরে ছিল বই, নোটবুক, কলম, নাশতার প্যাকেট। দুপুরের খাবার, চা, কফি ও পানির জন্যও ছিল আলাদা টোকেনের ব্যবস্থা। এত বড় একটি আয়োজনে অংশগ্রহণকারীদের সুযোগ-সুবিধার বিষয়টি যে যত্নের সঙ্গে বিবেচনা করা হয়েছে, তা সহজেই চোখে পড়ে।

উপহার সামগ্রী নিয়ে কেউ কেউ ঢুকে পড়েন হলরুমে, কেউবা বাইরে দাঁড়িয়েই একে অপরের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন। গত কয়েক বছরে দেশের বিভিন্ন অঞ্চলের অনেক লেখকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে আমার। কারও কারও সঙ্গে অনলাইনে কথা হয়েছে, কারও সঙ্গে কোনো দিন কথাই হয়নি। আবার অনেকের সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকায় একই সময়ে লেখা প্রকাশিত হয়েছে। এমন অনেক লেখকের কারও কারও সঙ্গে সরাসরি দেখা হয়ে গেল এই উৎসবেই।

একই অনুভূতি ছিল অন্যদের মধ্যেও। ফলে মিলনায়তনের ভেতরে যখন আলোচনা সভা চলছিল, বাইরে তখন চলছিল চা-কফি পান আর গল্পগুজব। কেউ কিছুক্ষণ ভেতরে থাকছেন, আবার কিছুক্ষণ পর বাইরে এসে পরিচিতজনদের সঙ্গে যোগ দিচ্ছেন। একে অপরের সাহিত্যচর্চা, লেখালেখির অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে আলাপচারিতায় এগিয়ে যাচ্ছিল সময়। ভার্চুায়াল জগতের পরিচয় বাস্তবের সান্নিধ্যে এসে যেন নতুন মাত্রা পেল সেদিন।

-----------

মনিরুল ইসলাম শ্রাবণ 

৫ নভেম্বর ২০২৬

(এই লেখার দ্বিতীয় অংশ পড়ুন পরের পোস্টে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ