Ticker

6/recent/ticker-posts

মধ্যরাতের বৃষ্টি



মেঘের কর্কশ ডাকে ভেঙে গেছে 

                                                      ক্লান্ত পাখিদের ঘুম 

ডানার নিচে গুটিশুটি হয়ে বসেছে ভয়ার্ত ছানার দল।

একটু সাহসী যারা—

তারা মায়ের ডানার আড়াল থেকে

উঁকি দিয়ে বোঝার চেষ্টা করছে

                                                    বাইরের পরিস্থিতি।

কিন্তু আঁধারে আর কতটুকুই বা বোঝা যায়?

হঠাৎ বিদ্যুৎ চমক!

ভয় পেয়ে তারাও লুকিয়ে যায়—

                            নরম পালকের উষ্ণতার আড়ালে। 

আজ রাতে পাখিদের ঘুম হবে না 

সারারাত বৃষ্টির সাথে চলবে—

                                      তাদের বেঁচে থাকার লড়াই, 

আর আমি—

বৃষ্টির ঝমঝম শব্দকে  আপন করে নিয়ে 

ঘুমিয়ে পড়ব— পরম পুলকে।


------

মধ্যরাতের বৃষ্টি : আমার বিলাস হলেও পাখিদের নয়।

মনিরুল ইসলাম শ্রাবণ

১২ আগস্ট ২৬


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ