Ticker

6/recent/ticker-posts

কাব্যগ্রন্থ মাছের অক্ষর-এর মোড়ক উন্মোচন

‘মাছের অক্ষর’ চমৎকার কাব্যিক ও ব্যঞ্জনা পূর্ণ একটি নাম। রূপক অর্থে ব্যবহৃত এই শব্দ যুগলের অর্থ বুঝতে হলে পড়তে হবে সংশ্লিষ্ট শিরোনামের নামের কবিতাটি। কবিতায় লেখক বুঝাতে চেয়েছেন- একদল জীবন সংগ্রামী মানুষের কথা। যাদের জন্ম থেকে কাটে জল ও মাছের সাথে। বড়শি ও জালের সাথে। নৌকা ও বইঠার সাথে। জীবন জীবিকার তাগিদে জন্মের পর থেকেই তাদের হাতে খড়ি হয় মাছ ধরা পেশার যাবতীয় বিষয়াবলির সাথে। এই পাঠই তাদের জীবনের পাঠ। মাছ ধরার পাঠ তথা ‘মাছের অক্ষর’।


হাওরের কবি ও ছড়াকার মনজুর মোহাম্মদ লিখেছেন এই অসাধারণ কাব্যগ্রন্থ। সমাজ ও রাজনীতির সচেতন এই কবি শ্রমজীবী মানুষের কথা বলেন, লেখেন তাদের ভাষায়। শুধু জল শ্রমিক নয়, স্থল শ্রমিকদেরও নিয়ে ভাবেন তিনি, লেখেন তিনি। তাদের সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি, হতাশা-বঞ্চনার কথা প্রকাশ করেন অবলীলায়। গ্রন্থের ফ্লাপে থাকা তিনটি অনু কবিতায় কবির জীবন দর্শন ও সাহিত্য বৈশিষ্ট্য উঠে আসে। 



১.  কথাগুলো আঙুল হলে আঙুলগুলো কথা/ খাকি খামে দিতাম ভরে বুকের নীরবতা। ২. হাড়ির ভেতর শূন্য করে অভাব যখন ঢুকে/ শিশুর চোখের অশ্রু তখন ঝরে বাবার বুকে। ৩. রোদের চাবুক আঁকা ত্বকে কষ্টের প্রমাণ/ বাড়ি থেকে জলাশয় ছোট গল্পের সমান।



দীর্ঘকাল সাহিত্য চর্চা করলেও ‘মাছের অক্ষর’ তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। ২০২৬ সালের অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্য বুনন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই গ্রন্থটি। এতে নানা বিষয়ের ১৩১ টি কবিতা স্থান পেয়েছে। সহজ শব্দ, ছোট ছোট বাক্য, রূপক ও উপমামৃদ্ধ তার কবিতা। প্রচুর অনু কবিতা সন্নিবেশিত হয়েছে এই বইয়ে। 



গত ৩১ মে ২০২৬ এই কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল বংশীকুন্ডা গ্রামের বংশীকুণ্ডা কলেজে। কবি মনজুর মোহাম্মদ হাওর অধ্যুষিত এই গ্রামের সন্তান। এখানকার জল-জাল বেষ্টিত মানুষের জীবন সংগ্রামই যার প্রকৃতি ও জীবনপাঠ। বংশীকুন্ডা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী সাহিত্য সম্মেলন ও বইয়ের মোড়ক উন্মোচন শীর্ষক’ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, গাজীপুর, নেত্রকোণা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার লেখকবৃন্দ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কথাসাহিত্যিক আমির হোসেন। তার সফরসঙ্গী হয়ে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ হয় আমার।  অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সাব্বির রেজা। মাছের অক্ষর কাব্যগ্রন্থ নিয়ে কবি ও প্রাবন্ধিক মেঘদাদ মেঘ রচিত প্রবন্ধ পাঠ করেন কবি পহেলী দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন কবি অনিন্দ্য জসীম, হেমেন্দ্র তালুকদার, শাহান শাহ, অজয় রায়, দুনিয়া মামুন, জীবন চক্রবর্তী, এ কে এম শাহজাহান, কবীর, বিদ্যুৎ সরকার, সজীম শাইন, অজয় রায়, শফিউল আলম, এনামুল হক, আরিয়ান সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যানুরাগী ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলাউদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন কবি দশরথ চন্দ্র অধিকারী ও বিপ্লব সাহা। সভায় আলোচকবৃন্দ কবি মঞ্জুর মোহাম্মদ-এর জীবন দর্শন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা উপস্থাপন করেন। 



আলোচনা পর্বে উপস্থিত ব্যক্তিদের গুণমুগ্ধ সাহিত্য আলোচনা আমার চিন্তাকে করেছে সমৃদ্ধ। এই ভ্রমণের চমৎকার অনুভূতি নিয়ে তাৎক্ষণিক রচনা করেছিলাম একটি ছড়া। উক্ত ছড়া পাঠসহ আলোচনায় অংশগ্রহণ করতে পেরে ভীষণ পুলক অনুভব করলাম। এবং ফেরার সময় সঙ্গে করে নিয়ে আসলাম একগাদা স্মরণীয়, শিক্ষণীয় ও আনন্দময় স্মৃতি। পরবর্তী লেখায় এই ভ্রমণের আদ্যপ্রান্ত তুলে ধরার চেষ্টা করব। 



-------

কাব্যগ্রন্থ মাছের অক্ষর-এর মোড়ক উন্মোচন 

মনিরুল ইসলাম শ্রাবণ

১৪ জুন ২০২৬



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ